দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন চিত্রনায়ক সোহেল রানা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি সরাসরি মন্তব্য করেন—কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া প্রয়োজন।
পোস্টের শুরুতেই তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে।” তবে এই আশাবাদের মাঝেই তিনি সতর্ক বার্তা যোগ করেন—“কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।”
তার ভাষ্য অনুযায়ী, অপ্রয়োজনীয়ভাবে সংবাদমাধ্যমের সামনে আসা থেকে বিরত থাকা উচিত মন্ত্রীদের। তিনি লেখেন, “কোন বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদেরকে প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোন প্রয়োজন নেই। ডিপার্টমেন্টের কোন সংবাদ উক্ত ডিপার্টমেন্টের কোন মুখপাত্র দিলেই চলবে।” প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তবেই গণমাধ্যমে আসার অনুমতি দেওয়া যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি।
নতুন মন্ত্রীদের আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সোহেল রানা। তার মতে, কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মন্ত্রী হওয়া কয়েকজন এখনো রাজনৈতিক দলের নেতার মতো বক্তব্য দিচ্ছেন, সরকার প্রধানের প্রতিনিধিত্বের বিষয়টি মাথায় রাখছেন না। তিনি সতর্ক করেন, “তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের উপর এবং আপনার উপরও বর্তাবে।”
আরও কড়া ভাষায় তিনি বলেন, “কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন।” তার মতে, এখনই লাগাম টেনে না ধরলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে—“এখন থেকে লাগাম ট্রেনে না ধরলে লাভের গুড় পিপড়ায় খেয়ে ফেলবে।”
পোস্টের শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেতা। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।


