ফ্যামিলি কার্ডের মতোই দ্রুত চালু হবে কৃষক কার্ড: তথ্যমন্ত্রী স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (Zahir Uddin Swapon) জানিয়েছেন, সরকার ফ্যামিলি কার্ডের মতোই যত দ্রুত সম্ভব কৃষক কার্ড চালু করবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, নীতিগতভাবে অনেক আগেই কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাস্তবায়নের প্রক্রিয়া এবং পদক্ষেপ নির্ধারণ। তিনি আরও বলেন, পাইলট প্রকল্প আকারে দ্রুত কৃষক কার্ড দেওয়া শুরু হবে, যা ফ্যামিলি কার্ডের মতো সুবিধা নিশ্চিত করবে।

জহির উদ্দিন স্বপন বলেন, এই কার্ড পেলে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষকরা। মধ্যস্বত্বভোগীরা যেন সুবিধা নিতে না পারে, সেজন্যই স্মার্ট কৃষক কার্ড চালু করা হচ্ছে। ধাপে ধাপে সব কৃষক এই কার্ড পাবেন এবং সুবিধাভোগী হবেন।