‘লীগ তো দোকান খোলা শুরু করছে’—সংস্কার ও বিচার প্রশ্নে সরব নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwary)। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে হতা’\হতের ঘটনায় দায়ীদের বিচার আদৌ হবে কি না—সে প্রশ্নও উত্থাপন করেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পাটওয়ারী। পোস্টটিতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)-কে ট্যাগ করেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন লেখেন— ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ (Awami League)-নেতৃত্বাধীন সরকার। সে সময় শেখ হাসিনা (Sheikh Hasina)-র নেতৃত্বাধীন প্রশাসনের পতনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ওই নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে জয়ী হন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

নাসীরুদ্দীনের সাম্প্রতিক এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে—কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কার্যালয় খোলা, জুলাইয়ের অভ্যুত্থানে হতা’\হতের বিচার এবং প্রতিশ্রুত সংস্কার—এসব প্রশ্নে এখন সরকার ও রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান কী হবে, সেটিই দেখার বিষয়।