বিডিআর হ’\ত্যা’\কা’\ণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে এবং সেই কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিডিআর ইস্যুটি তাদের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে। ‘আমাদের একটা মেসেজ ক্লিয়ার—চেইন অব কমান্ড বজায় রাখতে হবে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশে লটারির মাধ্যমে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে যাদের যেখানে দায়িত্ব দেওয়ার কথা ছিল না, সেখানে পদায়ন করা হয়েছে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপযোগী নয়—এমন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, সার্ভিস রেকর্ড যাচাই করে পদায়ন হওয়া উচিত ছিল। ‘আমরা মনে করি, লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। আমরা এসব নিয়ে কাজ করব।’
পুলিশের কাজে অবৈধ বাধা বা হস্তক্ষেপের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কেউ যদি পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা দেয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বা সামাজিক—কোনো পরিচয়ই এখানে বিবেচ্য হবে না। একই সঙ্গে পুলিশের কার্যক্রমও নজরদারিতে থাকবে, যেন জনভোগান্তি না হয়।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু—এ কথা আমরা বলি। কিন্তু বাস্তবে সেই বন্ধুত্ব প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি।’ তাঁর দাবি, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাই পুলিশকে সংস্কার ও তাদের মনোবল বৃদ্ধির মাধ্যমে কার্যকর করা প্রয়োজন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে।’ গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, তিনি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সাহস জোগাবেন এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেবেন। ‘পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকেই লক্ষ্য রেখে এগিয়ে যেতে চাই,’—বলেন তিনি।
