শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক শিথিল হওয়ার প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেলে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে ভিসা কেন্দ্র বন্ধের পর ২০২৫ সালের ডিসেম্বরে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নিলে বাংলাদেশি নাগরিকদের জন্য শিলিগুড়িতে হোটেল বুকিং করা কঠিন হয়ে পড়েছিল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (GSHWA) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এখন শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা কক্ষ বুকিং করতে পারবেন।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশি অতিথিদের জন্য হোটেল বুকিং পুনরায় শুরু করার পক্ষে মত দেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ভবিষ্যতে কোনো অসম্মানজনক বা উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দিন তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটে।
