ঢাবিতে মাস্টার্স পরীক্ষায় শহীদ ওসমান হাদি ও ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন, আলোচনায় শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্স অ্যান্ড ল : গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্সট্রুমেন্টস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক ফাইনাল পরীক্ষায় শহীদ শহীদ শরিফ ওসমান বিন হাদি ও ‘আয়নাঘর’ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন রাখায় শিক্ষাঙ্গন এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে তর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে।

পরীক্ষায় একজন শিক্ষার্থীকে ওসমান হাদির ‘জান দেবো, তবু জুলাই দেবো না’ এবং ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’ উক্তির ভিত্তিতে মানবাধিকারের জন্য তার সংগ্রাম ব্যাখ্যা করতে বলা হয়। একই সঙ্গে ‘আয়নাঘর’ কীভাবে স্বৈরতন্ত্র টিকিয়ে রেখেছিল এবং সেটিকে একটি ‘সিস্টেমেটিক টুল’ হিসেবে বিশ্লেষণ করতে বলা হয়।

কোর্সটি পড়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, “আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদানে বর্তমানকে উপেক্ষা করার প্রবণতা রয়েছে। জুলাই বিপ্লব, আয়নাঘর, শহীদ ওসমান হাদির আগ্রাসনবিরোধী প্রতিরোধ সংগ্রাম ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ইনসাফের ধারণা– এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের গবেষণার কেন্দ্রবিন্দু, কিন্তু আমাদের দেশে উপেক্ষিত। আমি চাইছি ছাত্রদেরকে এ বিষয়গুলো নিয়ে উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে।”

তিনি আরও উল্লেখ করেন, “যারা এ বছর পরীক্ষা দিচ্ছে বা গত বছর দিয়েছে, তাদের অনেকেই জুলাই বিপ্লবের অগ্রসৈনিক। অনেক সতীর্থ শহীদ হয়েছেন, অনেক পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকের চিরতরে চোখের আলো নিভে গেছে। এ বীরদের অধিকার আছে নিজেদের তৈরি ইতিহাস নিয়ে গবেষণা ও চর্চা করার।”

উল্লেখ্য, গত বছরও একই কোর্সের পরীক্ষায় জুলাই বিপ্লব সংক্রান্ত প্রশ্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল।