জুলাই আন্দোলনে হাফিজুর রহমান সুমন হত্যার মামলায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জুলাই আন্দোলনে যুবদল নেতা হাফিজুর রহমান সুমনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান খান আদালতে ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্রটি প্রদান করেন।

অভিযোগপত্রে নাম থাকা অন্যান্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওরফে এম এ আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, হারুন অর রশিদ বিশ্বাস, মানাম আহমেদ রাতুল, মো. রায়হান ওরফে রাহেল, আব্দুর রহমান রাসেল, শহিদুল ইসলাম ওরফে রানা ওরফে লম্বু রানা, সোহাগ ওরফে রানা, আসাদুজ্জামান নুর ওরফে আসাদ এবং টাডি রাজু।

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ ৬৩ জনকে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে শেরেবাংলানগর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন সুমন। একইদিন দুপুর ২টা থেকে আড়াইটার সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। গুরুতর আহত সুমন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে মারা যান।

নিহতের স্ত্রী মোসা. বিথী খাতুন ২০২৪ সালের ৯ অক্টোবর শেরেবাংলানগর থানায় শেখ হাসিনাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।