পিলখানা হত্যা মামলায় আসামি তালিকায় নাম উঠেছে শেখ হাসিনা ও তৎকালীন মন্ত্রীদের

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের মামলা এখনো বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ধৈর্য পরীক্ষা হতে থাকে।

প্রসিকিউশন জানিয়েছে, বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এই কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন।

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রায় সাড়ে ৮০০ জন আসামি রয়েছে। মোট ১২০০ সাক্ষীর মধ্যে ৩০০ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের তথ্য থেকে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ৫ আগস্টের পর এই মামলার কয়েকশ আসামি জামিন পেয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা জীবন হারান। বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। খালাস পান ২৮৩ জন।