ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন, দৃষ্টিশক্তি আরও উন্নত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (PIMS)-এ তিনি চিকিৎসা নেন।

চিকিৎসকরা জানান, প্রক্রিয়ার আগে ও পরে তিনি শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন এবং তার দৃষ্টিশক্তিতে আরও উন্নতি লক্ষ্য করা গেছে। পিআইএমএস-এর নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দার জানিয়েছেন, ৭৪ বছর বয়সি ইমরান খানকে সেন্ট্রাল জেল আদিয়ালা থেকে ফলো-আপ চিকিৎসার জন্য আনা হয়। তিনি অ্যান্টি-ভিইজিএফ ইনট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ পেয়েছেন।

এর আগে ২৪ ও ২৫ জানুয়ারি একই অপারেশন থিয়েটারে প্রথম ডোজ দেওয়া হয়েছিল। প্রথম ডোজের পর দৃষ্টিশক্তির উন্নতির ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক এক মাস পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়।

ইনজেকশনটি মাইক্রোস্কোপের সাহায্যে আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালের কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আরিফ এবং কনসালট্যান্ট ভিট্রিও-রেটিনাল সার্জন ডা. নাদিম কুরেশি প্রয়োগ করেন। কঠোর মানসম্মত প্রটোকল অনুসরণ করে ডে-কেয়ার প্রক্রিয়া হিসেবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মেডিকেল বোর্ডের পরীক্ষা অনুযায়ী, ইনজেকশনের আগে ইমরান খানকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বোর্ড পরীক্ষা করে। একজন কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট তার ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি করেন এবং একজন কনসালট্যান্ট ফিজিশিয়ানও পরীক্ষা করেন। সবশেষে তিনি ক্লিনিক্যালি স্থিতিশীল ও চিকিৎসার জন্য উপযুক্ত ঘোষণা করা হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়, তার আনুষ্ঠানিক সম্মতি নেওয়ার পরই ইনজেকশন প্রয়োগ করা হয় এবং অপারেশন থিয়েটারে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ও মানসম্মত প্রটোকল অনুসরণ করা হয়েছে।