যুক্তরাষ্ট্রে রেকর্ড তুষারপাত ও তুষারঝড়, উত্তর-পূর্বাঞ্চল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলো ব্যাপক তুষারঝড় ও রেকর্ড ভাঙা তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বাতিল করা হয়েছে ৫ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার পর্যন্ত উত্তর ক্যারোলিনা থেকে মেইন অঙ্গরাজ্যের উত্তরাংশ পর্যন্ত তুষারঝড় বয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড এবং কানেক্টিকাট।

রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অনেক এলাকা ৩৭ ইঞ্চি পর্যন্ত পুরু তুষারে ঢেকে গেছে। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে জমেছে ১৯ ইঞ্চি তুষার। ঝড় ও তুষারপাতের কারণে এসব অঙ্গরাজ্যে ৬ লাখের বেশি বাড়িঘর বিদ্যুতহীন হয়ে পড়েছে।

রোড আইল্যান্ডের রাজধানী প্রোভিডেন্সে ৩৬ ইঞ্চি পুরু তুষার পড়েছে, যা নতুন রেকর্ড। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি এই শহরে ২৮.৬ ইঞ্চি তুষারপাত হয়েছিল।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তা ক্যান্ডিস হেরেনকেসিন বলেন, “এ ধরনের তুষারঝড় সম্পূর্ণ বিধ্বংসী এবং এর মাত্রা দেখে সংশ্লিষ্টরাও বিস্মিত।”

পরিস্থিতির অবনতি হওয়ায় রোড আইল্যান্ড, কানেক্টিকাট ও ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ ও গাড়ি চালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, সড়ক-মহাসড়কের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জরুরি সহায়তা পেতে বিলম্ব হতে পারে।