বিএনপি ক্ষমতায় আসার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। স্থানীয় জনসমাগমে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা থেকে ২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন, সেখানে এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।”
তিনি আরও বলেন, সরকার পরিচালনায় দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনা সম্ভব হবে এবং সাধারণ মানুষের ওপর চাপ কমবে।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, পুরো বেগমগঞ্জে পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে ৩২ লাখ টাকার ইফতারসামগ্রী বিতরণ করা হবে। পরবর্তীতে ঈদসামগ্রীও বিতরণ করা হবে বলে জানান তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, “আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন তাদের আহ্বান করব, মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। যাতে ওই সব লোকজন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে আসলে আমরা খুশি হব।”
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
