বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এরইমধ্যে তিনটি গাড়ি রয়েছে। আজ আরও দুটি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হবে।” তিনি জানান, প্রবাসীদের মরদেহ দেশে আনার পুরো প্রক্রিয়াকে আরও মানবিক ও সহজ করতে মন্ত্রণালয় কাজ করছে।
নুরুল হক নুর আরও বলেন, প্রবাসীদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে পরিবারের ওপর যেন আর্থিক চাপ না পড়ে, সে জন্য বিনা খরচে মরদেহ আনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ও প্রক্রিয়া প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি উল্লেখ করেন, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন যুক্ত হওয়া ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ সংরক্ষণ ও পরিবহনে সময় কমবে এবং সেবা আরও কার্যকর হবে।
