লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী

সম্প্রতি লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ ঘিরে আলোচনায় আসা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দরে তার লাগেজে মদের বোতল পাওয়া যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

তবে বিষয়টি নিয়ে সরাসরি সংবাদ সম্মেলন না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে অভিযোগ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, তাকে জড়িয়ে যে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার দাবি, উল্লিখিত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে আটকানো হয়নি। এমনকি তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও জব্দ করা হয়নি। লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না বলেও উল্লেখ করেন তিনি।

মেহজাবীন আরও দাবি করেন, বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেননি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার লাগেজ থেকে অবৈধ কিছু উদ্ধার হয়েছে—এমন কোনো ছবি, ভিডিও বা প্রমাণ দেখানো সম্ভব কিনা—সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, বর্তমানে মানহানি যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রমাণ ছাড়াই ক্লিকবেইট তৈরির উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

উল্লেখ্য, কিছু প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফেরার সময় তাকে আটক করা হয়েছিল এবং তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে। ওই সময় তার সঙ্গে নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।