আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম (Mohammad Tajul Islam) তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লিখিত এক বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার ও তথ্যপ্রমাণহীন’ বলে দাবি করে তিনি বলেন, গতকাল এবং আজ কিছু সংখ্যক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বরাতে তার সম্পর্কে বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এ প্রসঙ্গে তার বক্তব্য, উক্ত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দূরভিসন্ধি থেকেই তা করা হয়েছে। তিনি দাবি করেন, এসব বিদ্বেষপ্রসূত অভিযোগ সর্বতোভাবে মিথ্যা।
অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে সামান্য তথ্যপ্রমাণও কেউ উপস্থাপন করতে পারবে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ—এমনটাই উল্লেখ করেন তিনি। তার ভাষায়, পতিত স্বৈরাচার ও গ’\ণ’\হ’\ত্যা’\কা’\রীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে বিচার প্রক্রিয়া অগ্রসর হতে না পারে।
নিজ দায়িত্বপালনকালেও তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি বলেও দাবি করেন তিনি। তার মতে, দায়িত্ব ছাড়ার পর বিশেষ একটি মহল গ’\ণ’\হ’\ত্যা’\কা’\রীদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে জানা গেছে, সোমবার (ফেব্রুয়ারি) ‘কাজী মোস্তাফিজুর রহমান আহাদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক: কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ (Sultan Mahmud) দুটি মন্তব্য করেন বলে উল্লেখ করা হয়েছে। ওই মন্তব্যে তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম (Gazi Monawar Hossain Tamim)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়।
ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে নিজের অবস্থান স্পষ্ট করে অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
