রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি রমানাথ পূজারী, প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রবাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদ্যুৎকেন্দ্রের সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ জানায়, নতুন এমডি পদে যোগদানের আগে রমানাথ পূজারী রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি পরিবেশগত নিয়মাবলী মেনে চলা, স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম ও টাউনশিপ উন্নয়নের কাজে নেতৃত্ব দিয়েছেন।

আনোয়ারুল আজিম জানান, রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেছেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএই degree অর্জন করেছেন এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করার পর তিনি ৩৬ বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ খাতে অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।