নির্বাচনী অনুদান ফেরত দেবেন ডা. তাসনিম জারা, আবেদন চেয়ে ফেসবুকে ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা (Dr. Tasnim Zara) নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তাসনিম জারা লেখেন, ‘আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিন।’

তিনি জানান, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তাদের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণের অনুরোধ করা হয়েছে। আর যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে ফেললেও বা না থাকলেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্যও আলাদা ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে ১০ মার্চ, ২০২৬ নির্ধারণ করা হয়েছে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’

সদ্য অনুষ্ঠিত ঢাকা-৯ আসনের নির্বাচনে অংশ নিয়ে ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডা. তাসনিম জারা। ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ। ৫৩ হাজার ৪৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শাপলা কলি প্রতীকের জাভেদ মিয়া রাসিন।