নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫৩ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা এবং ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের সরকারি দায়িত্ব পালন ও প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এক পুত্র ও এক কন্যার জনক।
