ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন, জুলাই আন্দোলনকে ব্যর্থ করতে একটি গোষ্ঠী নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার একটি ঘৃণ্য অপচেষ্টা চলছে।
ভিপি আবু সাদিক কায়েমের ভাষ্য, বিশেষ করে গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা ও ‘কনসেন্ট’ তৈরির খেলা চলছে, যা খুবই ভয়ংকর বার্তা দেয়। তিনি উল্লেখ করেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে কিছু মিডিয়া সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে।
তিনি সতর্ক করেছেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল বা আইনি জটিলতার মাধ্যমে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয়, তবে সম্মুখসারির ছাত্রনেতৃবৃন্দ, জামায়াত, বিএনপি, এনসিপি এবং আওয়ামী বিরোধী সকল শক্তিই এর ভুক্তভোগী হবে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরাও হুকুমের আসামি হয়ে যেতে পারেন।
সাদিক কায়েম সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে পতিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অপপ্রয়াস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
