কুমিল্লা-১০ বিএনপি এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভোটের কারণে নেতাকর্মীর স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশের অভিযোগ

কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে এক বক্তব্যের সময় তিনি এই নির্দেশ দেন।

এক মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না তাকে তালাক দিয়ে দিতে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ভেতরে কিছু মোনাফিক রয়েছে, যারা দল করলেও নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবং অর্থ দিয়ে জামায়াতকে সহায়তা করেছে। এমনকি কিছু বিএনপি নেতার স্ত্রীও জামায়াতকে ভোট দিয়েছে।

মোবাশ্বের আলম ভূঁইয়া অভিযোগ করেন, যারা নির্বাচনের আগে তার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় গিয়ে সেলফি তুলে নিজেদের দোষ ঢাকতে চায়। তিনি এদের ‘হাইব্রিড’ আখ্যা দিয়ে বলেন, তার কাছ থেকে গুরুত্ব না পেয়ে তারা তার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে।

মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।