ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত দুই ছাত্রের একজন গাজীপুরের কালিয়াকৈরে হ’\ত্যা মামলার আসামি বলে শনাক্ত করা গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারী শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছেন। একই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষারকেও দেখা যায়।
ভিডিওতে ওই নারী কান্নায় ভেঙে পড়ে বিচারের দাবি জানান। তারা পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন বলে দাবি করেন। এক পর্যায়ে তাদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন। ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে এক নারীকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?”
অভিযুক্ত শিক্ষার্থী আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সাব্বির হ’\ত্যা মামলার আসামি বলে জানা গেছে। এ তথ্য সামনে আসার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের এসআই স্বপন মিয়া গণমাধ্যমকে বলেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রশাসন ভিডিওটি দেখেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
