দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই সফরকে ঘিরে কূটনৈতিক উষ্ণতা যেমন চোখে পড়ছে, তেমনি ব্যক্তিগত আন্তরিকতার বার্তাও উঠে আসছে দুই দেশের নেতৃত্বের আচরণে। ভারতীয় প্রধানমন্ত্রীর মন জয় করতে একের পর এক চমক দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান নেতানিয়াহু নিজেই।
হিন্দুস্তান টাইমস (Hindustan Times)-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সফরের আনুষ্ঠানিকতার বাইরে ব্যক্তিগত সৌহার্দ্যের এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় নৈশভোজের আয়োজনে। বুধবার রাতে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে মোদিকে চমকে দেন নেতানিয়াহু। তিনি পাথরের রঙের একটি নেহেরু জ্যাকেট পরেছিলেন—যা ভারতে ‘মোদি জ্যাকেট’ নামেও পরিচিত। এর সঙ্গে ছিল লম্বা হাতার কুর্তা-স্টাইলের শার্ট।
এই পোশাকেই নেতানিয়াহু মোদির সামনে উপস্থিত হন। মুহূর্তটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও জায়গা করে নেয়। ওই সময়ের একটি ভিডিও এক্সে পোস্ট করে নেতানিয়াহু লিখেছেন, যৌথ নৈশভোজের আগে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আমি আমার বন্ধু মোদিকে চমক দিয়েছি। তার এই বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেট (Knesset)-এর একটি বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েলি সংসদে বক্তৃতা দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখান। এই ভাষণ শুধু কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেও বিবেচিত হচ্ছে।
নেসেটে পৌঁছানোর পর মোদিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইসরায়েলি স্পিকার আমির ওহানা (Amir Ohana)। ভাষণ শুরুর আগে পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেন নেতানিয়াহু, দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড (Yair Lapid) এবং স্পিকার ওহানা। তারা প্রত্যেকেই ভারত-ইসরায়েল সম্পর্কের প্রতি দৃঢ় দ্বি-দলীয় সমর্থন ব্যক্ত করেন।
অধিবেশনজুড়ে বারবার উচ্চারিত হয়েছে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বের প্রসঙ্গ। ব্যক্তিগত উষ্ণতা আর রাজনৈতিক অঙ্গীকার—দুই মিলিয়েই মোদির এই সফরকে দেখা হচ্ছে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে।


