দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এই আসামির গ্রেপ্তারে রেড নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে একটি ফ্ল্যাটের দখল নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তে উঠে এসেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের অনুকূলে গুরুতর অনিয়মের কারণে হস্তান্তরযোগ্য ছিল না—এ তথ্য জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সময় এবং প্রধানমন্ত্রীর ভাগ্নি হওয়ার প্রভাব ব্যবহার করে রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন বলে অভিযোগ। এর মাধ্যমে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন আদায় করে অবৈধ সুবিধা নেওয়া হয়। অভিযোগে বলা হয়, ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশানে অবস্থিত ওই ফ্ল্যাট বিনা মূল্যে গ্রহণ করা হয়।
দুদক জানিয়েছে, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন। পাশাপাশি মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
