সমালোচনার জবাবে সংযমের আহ্বান, সমর্থকদের উদ্দেশে ভোরের বার্তা মুফতি আমির হামজার

কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা (Mufti Amir Hamza) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। সাম্প্রতিক সমালোচনা ও কথিত ‘মিডিয়া ট্রায়াল’ প্রসঙ্গে তিনি সংযত আচরণের আহ্বান জানান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী এবং তার সব শ্রেণি-পেশার সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন। তার ভাষায়, বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় একই ধরনের আচরণ দৃষ্টান্ত হতে পারে না।

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।’

তিনি আরও উল্লেখ করেন, সমর্থকরা চাইলে সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে বলতে পারেন, অথবা নীরব থেকে এড়িয়ে যেতে পারেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলার আহ্বান জানান তিনি।

‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য’—পোস্টে এমন মন্তব্যও করেন আমির হামজা।

নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন বলেও উল্লেখ করেন। তার বিশ্বাস, ‘নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে।’