কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছেন।
হাসনাত অভিযোগ করেছেন, নরসিংদীর মাধবদীতে ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা বিচার চেয়ে স্থানীয় মেম্বার ও মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানের কাছে গেলে, ধর্ষকরা মোটা অঙ্কের টাকা দিয়ে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলার পরিবর্তে পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপর মেয়েটিকে বিকালে খালার কাছে পৌঁছে দেওয়ার পথে নূরা তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ উদ্ধার হয়।
হাসনাত লিখেছেন, পুলিশ ইতিমধ্যেই আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে। কিন্তু এটি যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে। এছাড়া আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদেরও গ্রেফতার করতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন তুলেছেন, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও খুনের মতো জঘন্য অপরাধ কবে থামবে।
