সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে রদবদল, ছয় নতুন নিয়োগে পরিবর্তন

বাংলাদেশ সেনাবাহিনীতে শীর্ষস্থানীয় পদগুলোয় রদবদলের চার দিন পর আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গত রোববার সেনাবাহিনীর শীর্ষ পদে একদফা রদবদল হয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে কমান্ড্যান্ট হিসেবে এনডিসিতে পাঠানো হয়েছে।

সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।