চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে দুই মাসের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু

ইলিশ পোনা ও সকল মাছ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ ৬টি নদী অঞ্চলে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলার ৯,১০০ জেলেকে চার কিস্তিতে ১৬০ কেজি চাল বিতরণ করা হবে। জেলেরা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা হবে।

জাটকা রক্ষায় ২০০৬ সাল থেকে মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার, হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

নিষেধাজ্ঞার সময় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, জাটকা রক্ষায় শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়, জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানিয়েছেন, মা-জাটকা ইলিশ রক্ষায় অভিযান কঠোর হবে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, সচেতনতামূলক সভার পরও কেউ আইন অমান্য করলে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, জাতীয় সম্পদ রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।