নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা, পাঁচজন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ার জেরে ১৫ বছর বয়সী কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা মাধবদী থানায় মামলা করেন। একই রাতে জেলা পুলিশ ও র‌্যাব-১১ সিপিএসসি যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কোতালীরচর এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মো. এবাদুল্লাহ (৪০), একই এলাকার মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০), হোসেন বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তাঁর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরী আমেনা আক্তারের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের তথ্য অনুযায়ী, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা, কাজের সূত্রে স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় কয়েকজন যুবক মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার দিন, বুধবার রাত ৯টার দিকে মেয়েটিকে খালার বাড়িতে পৌঁছে দেওয়ার পথে পাঁচ যুবক বাবার কাছ থেকে ছিনিয়ে নেন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবার বাড়ি ফিরে আসে। পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে।