২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি তার। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় তাকে।
সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। গুঞ্জন ছড়ায়, খুব শিগগিরই তিনি ফিরতে পারেন—এমনকি পাকিস্তান সিরিজেও দেখা যেতে পারে তাকে। তবে আশার আলো জ্বলতেই শুরু হয়েছে নানা ‘যদি-কিন্তু’র হিসাব।
এই প্রেক্ষাপটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসজেএ)-এর ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গামতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’
ফারুকের বক্তব্যে স্পষ্ট, ক্রিকেট বোর্ড তাদের আনুষ্ঠানিক দায়িত্ব শেষ করেছে। এখন সিদ্ধান্ত সরকারের হাতে। অর্থাৎ সাকিবের ফেরা শুধু ক্রিকেটীয় বিষয় নয়, প্রশাসনিক বাস্তবতাও এতে জড়িয়ে আছে।
তবে বক্তব্যের শেষভাগে এক আবেগঘন আহ্বানও জানান তিনি। বলেন, ‘আমি মনে করি, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি—ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক—সবার মধ্যে একটি সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কারণ আমাদের সবার লক্ষ্য একটাই।’
