দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়েছেন। দীর্ঘদিন ধরে তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রাজস্থানের উদয়পুরে চার হাত এক করেছেন এই তারকা জুটি। জানা গেছে, তারা দুটি ভিন্ন মতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আয়োজন ছিল জমকালো, আড়ম্বরেও কমতি ছিল না।
সূত্রের দাবি, বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের খরচের কাছাকাছিই নাকি ব্যয় হয়েছে বিজয়-রাশমিকার বিয়েতে। উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। সেখান থেকে দেখা যায় সুপ্রাচীন অরাবলি পর্বতশ্রেণি। রিসোর্টের প্রতিটি কোণে শৌখিনতার ছোঁয়া। রয়েছে ১১৭টি বিলাসবহুল কক্ষ, পাশাপাশি একাধিক সুইট ও ভিলা। সাধারণ কক্ষে এক রাত থাকার খরচ ২০ থেকে ৫০ হাজার টাকা। বিশেষ কিছু ভিলার জন্য গুনতে হয় প্রায় ৭০ হাজার টাকা।
বিয়ের ভেন্যুর ব্যয় থেকেই অনুমান করা যায়, আয়োজন কতটা ব্যয়বহুল ছিল। বিভিন্ন সূত্র বলছে, এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় আড়াই কোটি টাকার আশপাশে খরচ করেছেন বিজয় ও রাশমিকা।
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সেই বিয়েকে ঘিরেই যেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর নতুন ধারা জনপ্রিয়তা পায়। বিয়ে, প্রীতিভোজ ও প্রাক-বিবাহ আয়োজন মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছিলেন তারা। ৮০০ বছরের পুরোনো এক গ্রামে বসেছিল তাদের বিয়ের আসর।
অনুরাগীদের অনুমান, প্রীতিভোজসহ বিয়ের আগে-পরে সব অনুষ্ঠান মিলিয়ে বিজয়-রাশমিকার বিয়ের মোট ব্যয় ৫০ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে।
অন্যদিকে দেশগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে নাকি প্রায় ৭৫.৫ কোটি টাকা খরচ হয়েছিল। সে তুলনায় বিজয়-রাশমিকার এখনো প্রীতিভোজ বাকি। ফলে শেষ পর্যন্ত মোট খরচ কত দাঁড়ায়, তা জানার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।


