বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুও বাংলাদেশ ছেড়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি বর্তমানে নানা বক্তব্য দিয়ে ঘোরাফেরা করছেন এবং বর্তমান বিএনপি সরকারের কাছ থেকে সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে ভোলা সদর উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কন্ট্রাক্টর বাড়ির দরজায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা বলেন, “যেহেতু ২০২৪ সালে আমাদের আন্দোলন হয়েছে, তার পরবর্তী দেড়বছরে আমরা রাষ্ট্রপতিকে এক অর্থে স্বীকার করেছি। তবে এর কোনো নৈতিক ভিত্তি রাষ্ট্রপতির নেই।”
তিনি আরও বলেন, আজকে নির্বাচিত সরকার থাকায় পুরোনো রাষ্ট্রপতির পুনর্বহাল হওয়ার কোনো মানে নেই। “বর্তমান সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে আমরা মনে করি, এখানে রাষ্ট্রপতি থাকার কোনো এখতিয়ার সাহাবুদ্দিন চুপ্পুর নেই।”
উমামা ফাতেমা উল্লেখ করেন, জুলাই সনদ গত দেড়বছরে তৈরি হয়েছে এবং এটি জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই নতুন সরকারকে অবশ্যই নতুন রাষ্ট্রপতি নিয়ে যাত্রা শুরু করতে হবে। “নতুন রাষ্ট্রপতি নিয়ে সরকারের ভাবনাকে আমার অভিবাদন,” যোগ করেন তিনি।
