ঈদুল ফিতরকে সামনে রেখে ৩ মার্চ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। ওইদিন থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার টিকিট আগাম কিনতে পারবেন যাত্রীরা।

শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, আগামী ৩ মার্চ সকাল থেকে কাউন্টার এবং অনলাইন—উভয় মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারবেন। ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং সেখান থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট একযোগে উন্মুক্ত থাকবে।

ভাড়া সংক্রান্ত বিষয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে টাঙানো বাধ্যতামূলক করা হবে, যাতে যাত্রীরা সহজেই ভাড়া যাচাই করতে পারেন।

টিকিটের কালোবাজারি রোধে বাড়তি নজরদারির কথাও জানিয়েছেন তিনি। বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে বলেন, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।