কুয়েতের মার্কিন দূতাবাস এবং এর আশেপাশের এলাকায় হঠাৎ করেই আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, দূতাবাসের চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার পরপরই সেখানে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
ধোঁয়া দেখা যাওয়ার পরই দ্রুত প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। দূতাবাসে কাউকে না যেতে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে সেখানে অবস্থানরত ব্যক্তিদের নিজ নিজ বাসায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ইউএস অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, ‘দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।’ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একইসঙ্গে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে বলা হয়েছে। সম্ভাব্য হামলার পরিস্থিতি মাথায় রেখে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করার আহ্বানও জানানো হয়েছে। অতিরিক্ত হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না—এমন ইঙ্গিতও রয়েছে সতর্কবার্তায়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ অবস্থানে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকার পরামর্শ বহাল থাকবে বলেও জানানো হয়েছে।


