ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নি’হ’তে শোক, প্রধানমন্ত্রীর কাছে সমবেদনা জানালেন বাহরাইনের রাজা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিক নি’হ’ত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা (Hamad bin Isa Al Khalifa)।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি (Abdullatif bin Rashid Al Zayani) সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। তিনি রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। এ ঘটনায় রাজা হামাদ বিন ইসা আল খলিফা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।