মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়া বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম (Mashrafe Mortaza) অবশেষে নিরাপদে দেশে পৌঁছেছেন। তার ঘরে ফেরার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন স্ত্রী জান্নাতুল কিফায়েত।
মুশফিক পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। সব কার্যক্রম শেষ করে গত শনিবার সকালে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের কারণে প্রথমে দুবাইয়ের পথে বিমান চলাচল স্থগিত হয়ে যায় এবং বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। ফলে হাজারো যাত্রীদের সঙ্গে মুশফিকও জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।
জেদ্দা বিমানবন্দরে যাত্রীদের ভিড়ে আটকা পড়ার খবর দেশে পৌঁছতেই ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর দ্রুত প্রশাসন তৎপর হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন বলে জানান।
রোববার (১ মার্চ) রাতেই মুশফিক ঢাকার উদ্দেশে রওনা হন এবং সোমবার (২ মার্চ) সকালেই নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।
সোমবার দুপুরে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত ফেসবুকে লিখেন, “আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। এই সময়ে যাঁরা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি, বিশ্বের চলমান অস্থিরতা যেন শান্ত হয় এবং দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে আসে, ইনশা আল্লাহ।”
