কাতারে সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়লো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা

কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে দেশটির সরকার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানা যায়, যা প্রবাসীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Qatar Ministry of Interior) ঘোষণা করেছে, দেশটিতে যেসব প্রবেশ ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার পথে, সেগুলোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এক মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ভিসার এই মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকৃত হবে। এর জন্য ভিসাধারীদের কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যাওয়া বা আলাদা করে আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই।

সরকারি এই সিদ্ধান্তের ফলে যেসব ভিসাধারী মেয়াদ শেষ হওয়া বা শেষ হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন, তারা প্রশাসনিক জটিলতা ছাড়াই অতিরিক্ত এক মাস সময় পাচ্ছেন।