জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিতে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-কে আহ্বান জানিয়েছে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)। রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। এই সনদের প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব করা হয়েছে।’ তিনি আরও জানান, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধান বিরোধী দলকে প্রার্থী নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন।’
সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদেই প্রার্থী দেওয়ার সাংগঠনিক সক্ষমতা ও সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের স্বার্থে সরকার সে পথে হাঁটছে না বলেও ইঙ্গিত দেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজনের কথা উল্লেখ রয়েছে, যার একটি বিরোধী দল পাবে। ঠিক এভাবে বলা না থাকলেও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।’
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।’
