রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও ব্যানারে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন (Atiqur Rahman Rumon)।
তিনি জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গেই ব্যানারটি অপসারণ করা হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করছে—এসবও দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। কয়েকদিন আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবি প্রদর্শিত হতে দেখে তখনও অপসারণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বৈঠকে উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ট্রাফিক সিগন্যাল মানায় বেড়েছে যানবাহনের গতি
রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন ও যানবাহনের গতি-প্রকৃতি সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
রুমন জানান, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় ট্রাফিক সিগন্যাল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা প্রায় পায়ে হাঁটার গতির সমান। দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, ভিভিআইপি প্রটোকলের কারণে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় গড় গতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ কিলোমিটারে। প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও সিগন্যাল অনুসরণ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।
মোটা চালের দাম বাড়ায় দ্রুত ব্যবস্থা
খুচরা বাজারে মোটা চালের মূল্যবৃদ্ধির খবর নজরে আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রান্তিক মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত মোটা চালের দাম বাড়ার সংবাদ সোমবার প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেন। পরে বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা গেছে বলেও জানান তিনি।
