১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে ১০ মার্চ প্রধানমন্ত্রীর বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার নির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, ১০ মার্চের কর্মসূচিটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। নির্বাচনকালীন প্রেক্ষাপট বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
