মেসির ৮৯৯তম গোল, ডিসি ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ইন্টার মিয়ামির

মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ডিসি ইউনাইটেডকে ২–১ গোলে হারানো ম্যাচে গোল করে ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেছেন লিওনেল মেসি।

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ডিসি ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসিকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় ওয়াশিংটনের ছোট ভেন্যু থেকে ম্যাচটি সরিয়ে বাল্টিমোরের বড় স্টেডিয়ামে আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ৭২ হাজার ২৬ জন দর্শক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মিয়ামি। ১৭ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল।

এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। সতীর্থ মাতেও সিলভেটটির পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান তিনি।

এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেন মেসি। চলতি মৌসুমে তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন তাই বারিবো। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি তারা।

৩৮ বছর বয়সী মেসি এখন ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। এর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আগামী বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকবে আর্জেন্টাইন এই তারকার সামনে।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ইন্টার মিয়ামি।