প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদানের এবং মানহানি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীর আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের পর থেকে তিনি বিভিন্ন সামাজিক মাধ্যম ও অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা এবং মানহানিকর বক্তব্য ও হুমকি দিচ্ছেন। সর্বশেষ ৫ মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত তাঁর মন্তব্যগুলো কয়েকটি অনলাইন নিউজ মিডিয়ায়ও এসেছে।
বাদীর অভিযোগে বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেছেন, “বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার ‘মির্জা আব্বাস’”, যা অত্যন্ত মানহানিকর এবং নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক মাধ্যম ও ইউটিউবে ভাইরাল হয়ে মির্জা আব্বাসের সম্মান এবং রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রকাশ করে বাদী ও মির্জা আব্বাসের সুনাম ক্ষুণ্ণ করছেন। এই কর্মকাণ্ড সামাজিক শিষ্টাচার, সভ্যতা এবং নৈতিকতার প্রতি বিদ্রোহী এবং মানহানিকর বলে দাবি করা হয়েছে।
