ঢাকা-১৬ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন আমিনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে পরাজিত প্রার্থী আমিনুল হক ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

আমিনুল হক ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়াই করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটে হেরে যান। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮,৮২৮ ভোট পেয়েছেন, আর আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও তিনি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।

এর আগে ১৫-এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট এই আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ‘নির্বাচনি’ আবেদনপত্রসহ রুল, আবেদনপত্র গ্রহণ এবং অন্যান্য সংক্রান্ত বিষয়ে এই বেঞ্চ কার্যকরী থাকবে।