প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরু করেছেন এক ব্যতিক্রমী মন্তব্যের মধ্য দিয়ে। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের দিকে তাকিয়ে হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা তখন প্রস্তুত ছিলেন। দরজা খুলে বের হওয়ার সময় হঠাৎ এমন মন্তব্যে সবাই কিছুটা বিস্মিত হন। পরে সবাই বুঝতে পারেন, দেশের নেতৃত্ব এবং প্রশাসনিক দায়িত্বকে রূপক অর্থে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করেই প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সারা দিন তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত সংক্রান্ত আলোচনা এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী বিনিয়োগ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে দিনভর ব্যস্ত সময় কাটাবেন।
