ঈদ পর্যন্ত সব কোচিং সেন্টার ও ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিকাল পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম সহ সব কোচিং সেন্টারের কার্যক্রম ঈদ পর্যন্ত বন্ধ থাকবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শ্রেণি কার্যক্রমও একই সময়ে বন্ধ থাকবে। তবে, বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলিতে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো নির্ধারিত শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন এবং বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ নির্দেশনা দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকদের কাছে প্রেরণ করা হয়েছে।