রোজার ঈদকে ঘিরে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দেওয়ার একটি রীতি চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। গত বছরের মতো এবারও ঈদ উপলক্ষে ক্রিকেটারদের জন্য বিশেষ গিফট প্যাক পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে এবার উপহার পাওয়ার তালিকায় শুধু ক্রিকেটাররাই নন—তাদের স্ত্রী এবং সন্তানরাও থাকছেন। বিসিবির এই উদ্যোগকে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরও উষ্ণ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস (Shahriar Nafees) জানান, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক সব সময়ই ভালো থাকে। তবে এমন সৌজন্যমূলক উদ্যোগ সম্পর্ককে আরও দৃঢ় করে।
তিনি বলেন, “জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। কিন্তু সৌজন্য হিসেবে এই ধরনের একটি উদ্যোগ যুক্ত হওয়ায় সম্পর্ক আরও উষ্ণ হয়েছে। এতে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগও আরও ভালো হয়েছে।”
গত বছরের ঈদে বিসিবি শুধু ক্রিকেটারদের স্ত্রীর জন্য উপহার পাঠিয়েছিল। সে সময় ঈদ উপহার হিসেবে তাদের জন্য সালওয়ার–কামিজ দেওয়া হয়েছিল, তবে ক্রিকেটারদের জন্য আলাদা কোনো উপহার ছিল না।
কিন্তু এবার সেই ধারা কিছুটা বদলেছে। আসন্ন ঈ’\দু’\ল ফি’\তর উপলক্ষে গিফট প্যাক পাঠানো হবে গত এক বছরে অন্তত একটি ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন—এমন ৩০ জন ক্রিকেটারের নামে। একই সঙ্গে উপহার যাবে তাদের সহধর্মিণীদের জন্যও।
ক্রিকেটারদের জন্য উপহার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জুনায়েদ জামশেদ (Junaid Jamshed)-এর পাজামা–পাঞ্জাবির সেট। একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ দেওয়া হবে তাদের স্ত্রীদের জন্য।
শুধু তাই নয়, ক্রিকেটারদের সন্তানদের কথাও ভাবা হয়েছে এই আয়োজনের অংশ হিসেবে। তাদের জন্য বিসিবির পক্ষ থেকে পাঠানো হবে বিশেষ চকলেটের বক্স।
বিসিবির কর্মকর্তাদের মতে, উৎসবের সময় এমন ছোট উদ্যোগ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ককে আরও আন্তরিক ও পারিবারিক করে তোলে।
