আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে এক লাফে ৩,২৬৬ টাকা বৃদ্ধি

টানা দুই দফা কমার পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (Bangladesh Jewellers Association – BAJUS)।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এই নতুন দাম আজ বুধবার থেকে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায়।

অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

এর আগে সবশেষ সোমবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৪ দফা কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।