আরব সাগরে জাহাজে রহস্যময় আঘাত, ক্রুরা নিরাপদ—বলছে ইউকেএমটিও

আরব সাগরে একটি জাহাজে ‘সন্দেহজনক কিন্তু অজ্ঞাত একটি বস্তু’র আঘাত লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও (UKMTO)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আঘাতের ফলে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটার সময় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। ঠিক কী ধরনের বস্তু জাহাজটিতে আঘাত হেনেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে সংস্থাটি জানিয়েছে, ঘটনার সময় জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদে আছেন এবং তাদের কারও আঘাত লাগার খবর পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃতি ও সম্ভাব্য কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র: সিএনএন (CNN)