পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন থেকে পাওয়া যাবে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway) জানিয়েছে, আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে একই দিন দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের অগ্রিম টিকিট।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ।
এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
যাত্রীদের অনুরোধ বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী মাত্র একবার কিনতে পারবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা কোনো টিকিট রিফান্ড করা হবে না বলেও জানানো হয়েছে।
