মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘন ও অপব্যবহারের অভিযোগে আটক বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশি নাগরিকরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা এবং দি স্টার ও মালয় মেইলসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পরিচালিত মোট ২ হাজার ৬১৮টি অভিযানে ৯ হাজার ৪৯৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
মালয়েশিয়া অভিবাসন বিভাগ (Malaysia Immigration Department)-এর মহাপরিচালক জাকারিয়া শাবান জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৫৮ জনকে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনসের ৩৯(বি) ধারায় পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক হওয়া অনেক বিদেশি নাগরিক টেম্পোরারি এমপ্লয়মেন্ট পাস (পিএলকেএস) এবং সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) ব্যবহার করে অনুমোদিত শর্তের বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে সোশ্যাল ভিজিট পাস নিয়ে পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরে রেস্টুরেন্ট বা কারখানায় কাজ করার মতো কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ঘটনাও ধরা পড়েছে।
জাকারিয়া শাবান জানান, পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আটক হওয়া বিদেশিদের মধ্যে জাতীয়তার ভিত্তিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এ তালিকায় ৫৩২ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। এরপর রয়েছে থাইল্যান্ডের ২৪৮ জন, ইন্দোনেশিয়ার ১১১ জন, চীনের ৮৬ জন এবং পাকিস্তানের ৫১ জন নাগরিক।
তিনি আরও জানান, মোট ১ হাজার ১৫৮ জন গ্রেপ্তারের মধ্যে সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে ৪৮২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৩৫ জন থাই নাগরিক, ৮৩ জন বাংলাদেশি, ৬২ জন চীনা, ৬২ জন ইন্দোনেশীয়, ১৩ জন পাকিস্তানি এবং অন্যান্য দেশের ২৭ জন নাগরিক রয়েছেন।


