ইরান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ ১১.৩ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক গোপন ব্রিফিংয়ের বরাতে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম দুই দিনেই যুক্তরাষ্ট্র প্রায় ৫.৬ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। পরবর্তী চার দিনে সেই ব্যয় বেড়ে মোট ১১.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এই হিসাবের মধ্যে হামলার আগে নেওয়া সামরিক প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ নামে একটি ওয়েবসাইটের হিসাব বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর অর্থ দাঁড়ায়—যুদ্ধে প্রতিদিন গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে ওয়াশিংটন।

তাৎক্ষণিকভাবে সংঘাতের ব্যয় হিসাব রাখে ওই ওয়েবসাইটটি। তবে তারা জানিয়েছে, প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে। কারণ এ হিসাবের মধ্যে যুদ্ধ শেষে দেশে ফেরা সেনাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য সুবিধার মতো ব্যয় ধরা হয়নি।

এর আগে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক ‘সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ জানায়, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ সামরিক অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অর্থাৎ সেই সময় গড়ে প্রতিদিন প্রায় ৮৯১ মিলিয়ন ডলার খরচ হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় আরও দ্রুত বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।