২৩তম তারাবিতে ২৬তম পারা পাঠ: সূরা আহকাফ থেকে সূরা জারিয়াত পর্যন্ত

আজ ২৩তম তারাবিতে ২৬তম পারা পঠিত হবে, যার মধ্যে রয়েছে সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতহ, সূরা হুজরাত, সূরা ক্বাফ ও সূরা জারিয়াত (১-৩০)।

৪৬. সূরা আহকাফ (মক্কায় অবতীর্ণ, আয়াত ৩৫, রুকু ৩)
সূরায় আল্লাহ তায়ালার একত্ববাদ, নবী মুহাম্মদ (সা.) এর রিসালাত ও আখেরাতের গুরুত্ব আলোচনা করা হয়েছে। মোশরেকদের মূর্তি-প্রতিমার অক্ষমতা তুলে ধরা হয়েছে। কাফেরদের কোরআন ও নবী সম্পর্কে তর্কের প্রতিউত্তর ও মুমিন ও অবিশ্বাসী সন্তানদের আচরণ আলোচনা করা হয়েছে। আদ জাতি ও তাদের ধ্বংসের বিবরণ, একটি জিন দলের মুগ্ধতার বর্ণনা এবং আল্লাহর কুদরতের বর্ণনার মাধ্যমে সূরাটি সমাপ্ত হয়েছে।

৪৭. সূরা মুহাম্মদ (মদিনায় অবতীর্ণ, আয়াত ৩৮, রুকু ৪)
সূরাটি জিহাদ ও কিতাল বিষয়ক, যা এটিকে ‘সূরা কিতাল’ নামেও পরিচিত করেছে। মোমিন ও কাফেরদের মধ্যে চিরসংঘাতের বর্ণনা, যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলার নির্দেশ, বন্দিদের সঙ্গে আচরণ এবং মোমিনদের আল্লাহর সাহায্য ও জান্নাতের পুরস্কারের বর্ণনা রয়েছে। মোনাফেকদের ভীতি ও মোমিনদের ঈমানবৃদ্ধির পার্থক্যও তুলে ধরা হয়েছে। সূরার সমাপ্তি জিহাদে সম্পদ ব্যয়ের উৎসাহ দিয়ে করা হয়েছে।

৪৮. সূরা ফাতহ (মদিনায় অবতীর্ণ, আয়াত ২৯, রুকু ৪)
হুদায়বিয়া সন্ধির সময় নাজিল হওয়া এই সূরায় হুদায়বিয়া সন্ধি, নবীজির মক্কা বিজয়, মোমিন নর-নারীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি, কাফের ও মোনাফেকদের শাস্তি এবং খায়বার বিজয়ের সুসংবাদ উল্লেখ আছে। নবীজির আনীত ধর্মের সর্বাধিপত্য এবং সাহাবিদের গুণাবলীও আলোচনা করা হয়েছে।

৪৯. সূরা হুজরাত (মদিনায় অবতীর্ণ, আয়াত ১৮, রুকু ২)
‘হুজরাত’ শব্দটির অর্থ ঘর/কামরা। সূরায় একজন মুসলিম ও সমাজের মধ্যে গুণাবলী, নবীজির সঙ্গে শিষ্টাচার, সামাজিক শিষ্টাচারের নির্দেশনা, উড়ো কথাবার্তা, গিবত-গালমন্দ, এবং পারস্পরিক সম্পর্কের ত্রুটি রোধের উপদেশ দেওয়া হয়েছে। মোমিনদের ঝগড়া-মীমাংসা ও তাকওয়ার গুরুত্ব উল্লেখ করে সূরাটি সমাপ্ত হয়েছে।

৫০. সূরা ক্বাফ (মক্কায় অবতীর্ণ, আয়াত ৪৫, রুকু ৪)
ইসলামের মৌলিক আকিদা ও বিশ্বাসের বর্ণনা, কাফের-মোশরেকদের সতর্কবার্তা এবং প্রাচীন জাতির ধ্বংসের হুঁশিয়ারি উল্লেখ আছে। মানুষের আমল ও ফেরেশতাদের নিয়োগ, মৃত্যুর সময় আমলনামা বন্ধ হওয়া এবং কেয়ামতের দিন হাশরের বিবরণ রয়েছে। জান্নাত-জাহান্নামের বিবরণ ও সকাল-সন্ধ্যা ইবাদতের নির্দেশনা দেওয়া হয়েছে।

৫১. সূরা জারিয়াত (মক্কায় অবতীর্ণ, আয়াত ৬০, রুকু ৩)
চারটি কসমের মাধ্যমে সূরার সূচনা। আসমানের শপথ ও কাফেরদের স্ববিরোধিতা, মোত্তাকিদের উত্তম গুণাবলী ও পরিণতি, আল্লাহর আজমত ও বড়ত্বের প্রদর্শন, এবং ইবরাহিম (আ.) এর কাছে ফেরেশতাদের আগমনের বর্ণনা সহ পারাটি সমাপ্ত হয়েছে।